গল্প নয় সত্যি

আগামী দিনের রেফ্রিজারেটর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ১৯:৫২
যুগের পরিবর্তনে যখন সবকিছুই হরদম পাল্টে যাচ্ছে তখন আপনার বাসার ফ্রিজ বা রেফ্রিজারেটরটি সেই পুরোনো আমলের মতো স্রেফ খাবার সংরক্ষণ করা বা পানি ঠান্ডা করার কাজই করে যাবে তা-ই কি হয়? বিষয়টা আপনি আমি কতোটা উপলব্ধি করছি বলা মুশকিল। তবে প্রযুক্তি পণ্যই যাদের ব্যবসার হাতিয়ার তাদেরকে ব্যবসায় টিকে থাকবার স্বার্থেই আগাম অনেক কিছু ভাবতে হয়। আর এমনই এক ভাবনার অংশ হিসেবেই আগামী দিনের স্মার্ট রেফ্রিজারেটরের একটি ধারণা এবার সবার সামনে তুলে ধরেছে বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশের বাজারে আসা স্যামসাং-এর টি নাইন থাউজ্যান্ড মডেলের ফ্রিজটিতে যুক্ত করা হয়েছে ওয়াই-ফাই সুবিধাযুক্ত এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন সমৃদ্ধ ১০ ইঞ্চি একটি ডিসপ্লে স্ক্রিন। এর ফলে রেসিপির খোঁজ করা, শপিং তালিকা তৈরি করা কিংবা ফ্রিজে থাকা বিভিন্ন সামগ্রীর মেয়াদোত্তীর্ণের তারিখ জানা থেকে শুরু করে অনেক কাজই করা যাবে। এ ছাড়া রেফ্রিজারেটরের এই ডিসপ্লেতে বিভিন্ন সংবাদ সংস্থার অনলাইন সংবাদ তাত্ক্ষণিকভাবে জানা, আবহাওয়ার বার্তা দেখা কিংবা সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটের খবরাখবরও দেখা যাবে। এ প্রসঙ্গে জানাতে গিয়ে স্যামসাং কানাডার হোম অ্যাপায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ওয়ার্নার ডোয়েল বলেন, ‘পরিবারের সদস্য আর রান্নাঘরের মাঝে রেফ্রিজারেটর অনেকটা যোগসূত্রের মতো কাজ করে। আর এখন থেকে এই যোগসূত্রটিও পরিবারের সদস্যদের জন্য একটি তথ্য জানালা হিসেবে কাজ করবে। এর ফলে কী কী কেনাকাটা করতে হবে তা তাত্ক্ষণিকভাবে লিখে রাখার জন্য আপনাকে আর অন্য কোনো গ্যাজেট যেমন ট্যাবলেট পিসি বা সেলফোনের দ্বারস্থ হতে হবে না কিংবা তা আলাদা করে কোনো নোটবুকেও লিখে রাখতে হবে না। এ ছাড়া ফ্রিজে যেসব সামগ্রী আছে তা ব্যবহার করে কী ধরনের খাবার বানানো যেতে পারে তা জানার জন্যও আপনি এই রেফ্রিজারেটরের অ্যাপ্লিকেশন ব্যবহার করে মানানসই রেসিপি খুঁজে নিতে পারবেন।’ এদিকে এতসব গ্যাজেট থাকতে ফ্রিজের গায়ে বাড়তি স্ক্রিন যুক্ত করার দরকার ছিল কি না এমন প্রশ্নের উত্তরে ডোয়েল জানান, শুধু এখনকার কথা ভেবে নয়, বরং আজ থেকে পাঁচ-দশ বছর পরের উপযোগিতার চিন্তাটিও তারা ভেবেছেন এবং প্রযুক্তিকে সহজবোধ্য রূপ দিতে এবং তরুণ ক্রেতাদের কথা মাথায় রেখেই রেফ্রিজারেটরটি তৈরি করা হয়েছে।