বাস্তবে দেখা যায় এমন বিভিন্ন সামগ্রীর অনুলিপি তৈরি করা হয়তো নতুন কিছু নয়। কিন্তু সেই অনুলিপিটি যদি হয় এতটাই ক্ষুদ্র যা দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, তাহলে তা সবাইকেই কমবেশি কৌতূহলী করে তোলে। আর জনপ্রিয় বাদ্যযন্ত্র গিটারের এমনই একটি অনুলিপি তৈরি করে ১৯৯৭ সালের ১ জানুয়ারি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আমেরিকার নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। মাত্র বিশ মিনিটে কিছু সিলিকন ব্লক দিয়ে তৈরি করা ফেন্ডার স্ট্রেটোকেস্টার গিটারের এই অনুলিপিটির আকৃতি ছিল দশ মাইক্রোমিটার যা মানুষের চুলের পুরুত্বের মাত্র বিশ ভাগের এক ভাগ। অন্যদিকে বাজানো যায় এমন ছয়টি তারের প্রতিটির দৈর্ঘ্য ছিল ০.০৫ মাইক্রোমিটার যা একশ’টি অ্যাটম পাশাপাশি রাখার সমান।
