যশোরে যৌতুকের দাবিতে পুড়িয়ে স্ত্রী হত্যা:স্বামী আটক

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৪
যশোরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মৃত বিলকিস (২৪) যশোর সদর উপজেলার সতীঘাটা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। স্ত্রীহত্যার অভিযোগে পুলিশ আক্তার হোসেনকে আটক করেছে। আক্তার সতীঘাটা এলাকার লুত্ফর রহমানের ছেলে। মৃত বিলকিসের ভাই রাজীব অভিযোগ করেন, যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে তার বোন বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন চালাত আক্তার হোসেন। সম্প্রতি পিতার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য বিলকিসের ওপর নির্যাতন শুরু করে আক্তার। টাকা এনে দিতে রাজি না হওয়ায় রবিবার রাতে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় আক্তার। পরে প্রতিবেশীরা মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়েছে।