নাগেশ্বরীতে গ্রামবাসী-জুয়াড়ি সংঘর্ষ দুই ছাত্রলীগ নেতাসহ আহত পাঁচ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:০৫
নাগেশ্বরীতে অশ্লীল নৃত্য ও জুয়ায় বাধা দেয়ায় গত রবিবার গ্রামবাসীর সাথে জুয়াড়িদের সংঘর্ষে দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দু’জন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিত্সাধীন। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের তালেবেরহাট নামক স্থানে প্রায় দু’মাস ধরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চালাচ্ছিল ওই এলাকার আব্দুর সাত্তার, খোকন ডাক্তার, ওয়ার্ড মেম্বার আব্দুল মজিদ, আজিজার রহমান, জয়নাল আবেদীনসহ নাগেশ্বরীর পেশাদার জুয়াড়ু আব্দুল মোন্নাফ, ইব্রাহীম আলী, আব্দুর রাজ্জাক ও মতিয়ার। এলাকাবাসী বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি কয়েকদিন বন্ধ করে দেন। কিন্তু তার অগোচরে আবারো জুয়ার আসর বসানো হয়। গত রবিবার রাত ১২টার দিকে এলাকাবাসী জুয়ার আসর ভেঙ্গে দিতে গেলে জুয়াড়িদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় গ্রামবাসীর পক্ষের ওই ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি আলমগীর হোসেন (১৯), সাধারণ সম্পাদক রেজাউল করিম (২১), মোস্তফা (৩২), সুজন (২০), হাসেম (২৭) আহত হয়। আহতদের মধ্যে ছাত্রলীগের দুই নেতাকে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাদেরকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠায়।