সিরাজগঞ্জের এনায়েতপুরে ডাকাতের আক্রমণে কলেজ ছাত্র ৯ দিন পাঞ্জা লড়ে মঙ্গলবার সকালে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রী ও জনতা দোষীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকা জুড়ে বিক্ষোভ মিছিল বের করে।
এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান ও এলাকাবাসী জানায়, গত ২ সপ্তাহ ধরে তাঁতশিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় গণডাকাতি হয়ে আসছে। গত ১৩ জানুয়ারি রাতে থানার খুকনী রথখোলা গ্রামে রজব হাজীর বাড়িতে সন্ত্রাসীরা ডাকাতিকালে পরিবারের লোকজন চিত্কার দেয়। তখন বাড়ির পাশের লোকজন এগিয়ে গেলে আব্দুর রশিদের ব্যবসায়ী কলেজ পড়ুয়া ছেলে মনিকে (২০) ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় উপর্যুপরী আঘাত করে পালিয়ে যায়। তখন তাকে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সারত অবস্থায় সে মারা যায়।
