আজ দিনাজপুরে মটর শ্রমিকদের ২৪ ঘণ্টার প্রতীকী ধর্মঘট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১০
নিয়োগপত্র প্রদান ও বেতন/খোরাকী বৃদ্ধির দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি পায় না। তাছাড়া মালিকপক্ষ কর্তৃক নিয়োগপত্র প্রদান না করায় বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল ও খোরাকী, যাতায়াত ভাতা, ঘর-বাড়ি ভাড়াসহ যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। এ ব্যাপারে বার বার সংশ্লিষ্ট মালিক গ্রুপ ও সমিতিতে দাবি জানানো হলেও শ্রমিকদের দাবির ব্যাপারে তারা কোন কর্ণপাত করছে না। সংবাদ সম্মেলনে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক সাইফুর রাজ চৌধুরী, শামসুল আলম, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।