ভারত আজই সিরিজ নিশ্চিত করতে চায়

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৬
টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী ভারত আজ মোহালিতে চতুর্থ ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করতে চায়। অতি সমপ্রতি বেশ কিছু ম্যাচে যাচ্ছেতাই খেলে স্বাগতিকরা। এরপর টানা দুই ম্যাচে জয়ী হয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ দেয় ভারত। পাঁচ ম্যাচের সিরিজে দলের তরুণ খেলোয়াড়রা টানা তৃতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখবে বলে বিশ্বাস করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টানা জিতলেও ধোনির দল ওপেনিং সমস্যার সমাধান করতে পারেনি এখনো। ওপেনার গৌতম গম্ভীর রান পেতে শুরু করলেও এখনো বড় ইনিংসের দেখা পাননি। অপর ওপেনার আজিংকা রাহানেও ভাল অবস্থায় নেই এবং অতি সাধারণ বলেই বারবার আউট হচ্ছেন। তারপরও গত দু’ম্যাচে পাওয়া বড় জয়ের ফলে হয়তো বা ‘উইনিং কম্বিনেশন’ অক্ষুণ্ন রাখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।