বাঁশখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
চট্টগ্রামের বাঁশখালীতে সোমবার বিকালে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের মাঝে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় উপজেলা সদরে বাস, ট্রাক, সিএনজিসহ শতাধিক যানবাহন ভাঙচুর করেছে উত্তেজিত নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান গ্রুপ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য আবদুল্লাহ কবির লিটন গ্রুপের এই সংঘর্ষে আহতদের মধ্যে ছাত্রলীগ নেতা আবদুল অদুদ লেদু, হারুনুর রশিদ, আবদুর রশিদ ও আবুল বশরকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বাঁশখালী-চট্টগ্রাম প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পৌর শহরের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। গত কয়েকদিন ধরে বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আবদুল্লাহ কবির লিটন গ্রুপ সমাবেশ আহ্বান করে প্রচারণা চালালে মোস্তাফিজুর রহমান গ্রুপের পক্ষে ছাত্রলীগের ব্যানারে ছাত্র সমাবেশ আহ্বান করা হয়। এতে তীব্র উত্তেজনা দেখা দেয়ায় উপজেলা প্রশাসন সোমবার বালিকা বিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়ে উভয় গ্রুপকে পৃথকস্থানে সমাবেশ করতে বললে আবদুল্লাহ কবির লিটন গ্রুপ জলদী বড় মাদ্রাসা সংলগ্ন মাঠে এবং মোস্তাফিজুর রহমান গ্রুপ থানা সংলগ্ন সড়কে সমাবেশ করে। আইন-শৃখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ও র্যাবের উপস্থিতিতে প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যে শান্তিপূর্ণভাবে উভয় গ্রুপের সমাবেশ সম্পন্ন হওয়ার পর হঠাত্ একটি সশস্ত্র মিছিল থেকে পৌর শহরে শতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। অতর্কিত এই হামলা ও ভাঙচুরের সঙ্গে সঙ্গে বাঁশখালী পৌর শহরের সব দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়।