চলনবিলে বোরো চারা সঙ্কট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
চলনবিলে ইরি-বোরোর চারা রোপণের ভরা মৌসুমে ব্যাপক চারা সংকটে চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষি বিভাগ ও কৃষকদের সূত্রে জানা যায়, মাসাধিককালের শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় চলনবিলের ৯ উপজেলায় বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ জানায়, কার্তিক মাসের শেষ সপ্তাহ হতে অগ্রহায়ণ মাস কৃষকরা কাচলায় বোরো ধানের বীজ ফেলেন। এবছর যেসব কৃষক মধ্য অগ্রহায়ণ মাস থেকে বীজ কাদায় ছিটিয়েছেন তাদের অধিকাংশ চারাই নষ্ট হয়ে গেছে। এর কারণ হিসেবে জানা যায়, ওই সময় থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের দরুন তাপমাত্রা নেমে যায়। এছাড়া দিনমান ঘন কুয়াশায় ঢাকা থাকায়, রোদ না থাকায় কাচলার চারা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় দফায় টানা ৩ সপ্তাহ কুয়াশায় কৃষকের জন্য দুর্ভোগ ডেকে আনে। বর্তমানে বোরো চারা রোপণের ভরা মৌসুম চললেও কৃষকের হাতে বোরো ধানের চারা নেই। চলনবিলসহ পার্শ্ববর্তী এলাকা এমনকি দূর-দূরান্তেও সন্ধান চালিয়ে কৃষক চারা সংগ্রহ করতে পারছে না। মাঘ মাসের মধ্যে ক্ষেতে বোরো চারা রোপণ করতে না পারলে ঘরে ফসল তোলা সম্ভব হবে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চারা সংগ্রহ করতে না পারায় কৃষক উদ্বিগ্ন হয়ে পড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাদের সাথে ফোনে যোগাযোগ করলে চারা সংকটের কথা স্বীকার করেছেন।