যশোরে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি মালামাল লুট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। সোমবার ভোরে ৭/৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল বোমা বিস্ফোরণ ঘটিয়ে দোকান-গুলোতে ডাকাতি করে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় বাজারের রায় জুলেয়ার্সের মালিক সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামের শ্রীনিবাস রায় সোমবার সকালে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। মামলার বাদী অভিযোগ করেন, সোমবার ভোরে একদল ডাকাত সাতমাইল বাজারে হানা দেয়। প্রথমেই তারা বোমার বিস্ফোরণ ঘটালে নৈশপ্রহরীরা পালিয়ে যায়। পরে ডাকাতরা রায় জুলেয়ার্সসহ আরো একটি সোনার দোকান ও একটি মোবাইল ফোনের দোকানে ডাকাতি করে। রায় জুলেয়ার্স থেকে ডাকাতরা নগত ৮৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণ ও ২০ ভরি রূপার গহনাসহ ৩ দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল লুট করে। যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জহুরুল ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রায় জুয়েলার্সের মালিক মামলা করেছেন।