‘ফণী’ মোকাবেলায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট : ০২ মে ২০১৯, ১৮:৪৬

সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল আজিজ আহমেদ বলেছেন, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে সেনাবাহিনীকে স্থায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সেনাবাহিনীর সকল ডিভিশন ও এরিয়া হেড কোয়ার্টারকে প্রস্তুত রাখা হয়েছে। এ জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট ডিভিশন গুলোর পক্ষ থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে শুধু সতর্কতাই নয় দুর্যোগের পূর্বে, দুর্যোগ চলাকালে বা দুর্যোগ পরবর্তী যেকোনো দায়িত্ব পালনের জন্যে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। 

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৮ জন ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার এবং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও রানার্স আপ ২৪ পদাতিক ডিভিশন দলের হাতে ট্রফি তুলে দেন। এরপর সেনাপ্রধান সাভার সেনানিবাসে হকি গ্রাউন্ড ও আর্মি ইন্সটিটিউট অব বিজনেস এ্যাডমিনেস্ট্রেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে থানা থেকে অস্ত্রলুটের আসামি ‘গোলাগুলি’তে নিহত

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চীফ অফ জেনারেল স্টাফ লে. জেনারেল শফিকুর রহমান, ঢাকা ক্যান্টনমেন্ট লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল এসএম সফিউদ্দিন আহমেদ, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, সামরিক সচিব মেজর জেনারেল ওয়াকার উজ জামান প্রমুখ।

ইত্তেফাক/অনি