যশোরের মত্স্য সেক্টরের বিদ্যুত্ বিলের গ্রেড হঠাত্ করে পরিবর্তন করা হয়েছে। সরকারিভাবে পূর্ব ঘোষণা ছাড়াই কৃষির পরিবর্তে শিল্প রেটে বিদ্যুত্ বিল নির্ধারণ করায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন মত্স্য চাষীরা। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ ক্ষোভ ও হতাশা ব্যক্ত করে যশোর জেলা মত্স্য হ্যাচারি মালিক সমিতি। সম্মেলনে নেতৃবৃন্দ ৭ দিনের আলটিমেটাম দিয়ে বলেছেন, এ সময়ের মধ্যে বিদ্যুত্ বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন না হলে বিদ্যুত্ অফিস ঘেরাওসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরও যদি দাবি না মানা হয়, তাহলে সকল হ্যাচারি বন্ধ করে মাছের পোনা উত্পাদন শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
যশোরের চাঁচড়া এলাকার হ্যাচারিগুলো দেশের মোট চাহিদার ৬০ থেকে ৭০ শতাংশ রেণু পোনা উত্পাদন ও সরবরাহ করে থাকে।
