ময়মনসিংহে সওজ প্রকৌশলীকে মারধরের প্রতিবাদে ধর্মঘট

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
ময়মনসিংহের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় কোতোয়ালী থানায় সোমবার রাতে মামলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে সওজ প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্মঘট পালন করছেন। সোমবার দুপুরে ময়মনসিংহের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম তুহিনকে অফিস কক্ষে বেধড়ক মারধর করে আওয়ামী লীগ নেতা ঠিকাদার রফিকুল ইসলাম শাহীন ও তার সহযোগীরা। গুরুতর আহত উপ-সহকারী প্রকৌশলী তুহিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে সওজ প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা সওজ ভবন তালাবদ্ধ করে জেলা প্রশাসকের কাছে হামলাকারী ঠিকাদারসহ সন্ত্রাসীদের বিচার দাবি করে। চিকিত্সাধীন মোফাখখারুল ইসলাম তুহিন জানান, কিছুদিন ধরে ঠিকাদার রফিকুল ইসলাম শাহীন তিন লাখ টাকা চাঁদা দাবি করে। কিছুদিন আগে সে আমার বাসায় যায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেয়। সোমবার দুপুরে রফিকুল ইসলাম শাহীন ও তার সঙ্গীরা আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। নির্বাহী প্রকৌশলী চন্দন কুমার বসাক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এ ঘটনার নিন্দা জানান।