সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। গত ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। এ ব্যাপারে থানায় জিডি হয়েছে।
জানা গেছে, মিজমিজি বাতানপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম একজন কনফেকশনারী ব্যবসায়ী। তিনি ১৬ জানুয়ারি দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেনি। সাইফুলের পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে তাকে খুঁজে না পেয়ে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ ব্যবসায়ীর ভাই আল-আমিন জানান, তার ভাই বাসা থেকে বের হওয়ার পর বিকালে নিখোঁজ ভাইয়ের ফোন নম্বর থেকে তার বোনের মোবাইলে ফোন আসে। কিন্তু কোন কথা বলার আগেই ফোনটি কেটে যায়। এরপর তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে সাইফুলের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তার ধারণা, কোন চক্র তার ভাইকে জিম্মি করে রেখেছে।
