প্রধানমন্ত্রীকে ভয়ভীতি দেখানোর জন্য বক্তব্য দেইনি :ড. মোশাররফ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২১
প্রধানমন্ত্রীকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে বক্তব্য দেননি বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে হত্যা ও ভয়ভীতি প্রদান বা মানহানি করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেয়া হয় নি। ৭৫ সালকে উল্লেখ করে আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী করার যে চেষ্টা সেই বাকশালের কথা বলেছি। আমি কোনো নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট কোনো ঘটনাকে উদ্দেশ্য করে বক্তব্য দিই নি। আমি বলেছি ’৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা ব্যর্থ হয়েছিল। বর্তমান সরকার যদি দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে বাকশাল কায়েম করতে চায় তবে ব্যর্থ হবে। আমি বোঝাতে চেয়েছিলাম, বাকশাল যেমন দেশের জনগণ মেনে নেয়নি, দলীয় সরকারের অধীনে নির্বাচনও জনগণ মেনে নেবে না। আজকে দেশ যে দিকে যাচ্ছে তাতে আগামীতে আদৌ নির্বাচন হবে কিনা, সরকারকে এ বিষয়ে সতর্ক করতেই রাজনৈতিক বক্তব্য দিয়েছি। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, জাসাস সভাপতি এম এ মালেক, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয়ভীতি প্রদান ও মানহানির অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ.বি. সিদ্দিকী। মামলাটিতে আদালত সমন জারি করেছেন।