‘কাজল মোল্লা আমার এপিএস নয়’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২৩
গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি বলেন, কাজল মোল্লা আমার এপিএস নয়। আমার কোন এপিএস নেই। কোন ঘটনার সংবাদের সাথে আমার নাম জড়িয়ে সংবাদ পরিবেশন সম্পূর্ণ অনৈতিক। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, একজন সচেতন নাগরিক ও জাতীয় সংসদ সদস্য হিসাবে যে কোন নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কাপাসিয়ার বড়টেকের মেয়েটির নির্যাতনের বিষয়ে হাইকোর্ট যে পদক্ষেপ গ্রহণ করেছে তাকে আমি স্বাগত ও সাধুবাদ জানাই। তাই উক্ত মেয়েটির নির্যাতনের বিষয়ে হাইকোর্টে আদেশের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দোষী ব্যক্তির উপযুক্ত বিচার হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন—সাবেক এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান, মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ দর্জি প্রমুখ।