কৃতিত্বের জন্যই হারুণকে পুলিশ পদক :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ডিসি হারুন নিজের জীবন বাজি রেখে জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃংখলা রুখে দিয়েছিলেন। ঐদিন পুলিশের ওপর নির্দেশ ছিল রাজপথে কোনো ধরনের জনসমাবেশ করতে না দেয়া। কারণ তারা সমাবেশের নামে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছিল। তার কৃতিত্বপূর্ণ অবদানের জন্যই পুলিশ পদক দেয়া হয়েছে। গতকাল দুপুরে রাজাবরবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০১৩ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোসতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০১১ সালের ৪ জুলাই বিরোধী দলের হরতাল চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে তত্কালীন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হারুন উর রশিদ বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। বর্তমানে হারুন উর রশিদ ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালে পুলিশ বিভাগে ডিসি হারুন অর রশিদকে পিপিএম (সেবা) পদক দেয়া হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির আসামি বাচ্চু রাজাকারের ব্যাপারে তিনি বলেন, বাচ্চু রাজাকার একটি দেশে পালিয়ে রয়েছেন বলে খবর রয়েছে। সেই দেশ থেকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। বাচ্চু রাজাকারকে গ্রেফতার করতে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেয়ার কথাও বলেন তিনি।