কুমিল্লার বিলুপ্ত-৯ আসনটি পুনর্বহাল না করলে গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ‘কুমিল্লার সকল সংসদীয় আসন পুনর্বহাল কমিটি, ঢাকা’। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতীকী গণঅনশন থেকে এ ঘোষণা করা হয়। একইসঙ্গে দাবি আদায়ে আগামী ৩১ জানুয়ারি কুমিল্লায় মহাসমাবেশ কর্মসূচি দেয়া হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লার সংসদীয় আসন পুনর্বহাল না করলে ১২ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। এরপরেও দাবি না মানলে কুমিল্লায় অবরোধ-হরতাল কর্মসূচি করার হুমকি দেন বক্তারা।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কুমিল্লার সকল সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে প্রতীকী গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতীকী অনশন কর্মসূচি ভাঙ্গিয়ে কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী, আব্দুল গফুর ভুঁইয়া। কুমিল্লার সকল সংসদীয় আসন পুনর্বহাল কমিটি, ঢাকার আহবায়ক এম ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব এ এস এম সায়েম মজুমদার, মজিবুর রহমান রিপন প্রমুখ।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিরোধী দলের বাদে ফখরুদ্দিন-মইনউদ্দিনের আমলে দায়ের করা সকল মামলা সরকার একের পর এক প্রত্যাহার করছে। যেহেতু সরকার মামলা প্রত্যাহার করছে সেহেতু ওই সরকারের আমলে করা সীমানা বাতিল করতে হবে। তিনি বলেন, বিলুপ্ত কুমিল্লা-৯সহ জেলার সকল সংসদীয় আসন পূর্বের ন্যায় ফেরত দিতে হবে।
বিলুপ্ত কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের নিয়োজিত নির্বাচন কমিশন জনসংখ্যার অজুহাতে কুমিল্লার একটি আসন কমিয়ে দেয়। ঐ কমিশন আরোপিত নীতিমালা পরিপন্থি সিদ্ধান্ত দিয়ে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা অন্যায়ভাবে বিলুপ্ত করে।
