গল্প নয় সত্যি

সপ্তাহে তিন দিন ছুটি!

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
সপ্তাহে কদিন ছুটি পান আপনি? আপনি এই প্রশ্নের উত্তরে কেউ হয়তো বলবেন একদিন আবার কেউবা দু’দিন। তবে এক বা দুইদিনের বাইরে কেউ যদি নিয়মমাফিকই সপ্তাহে তিনদিন ছুটি পান তাহলে নিশ্চয়ই খুব ঈর্ষা হবে আপনার। আর এমনই একটি ঘটনাই এবার ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ায়। দেশটির রাষ্ট্রপতি ইয়াহইয়া জামেহ সম্প্রতি এক রাষ্ট্রীয় প্রজ্ঞাপনের মাধ্যমে দেশটির সকল সরকারি কর্মচারির জন্য সপ্তাহে তিনদিন ছুটি কাটানোর এমন অভাবনীয় সুযোগ করে দিয়েছেন। এর ফলে ইতোপূর্বে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি কাটানো সরকারি কর্মকর্তারা আগামী ১ ফেব্রুয়ারি থেকে প্রতি সপ্তাহের শুক্রবারও ছুটিতে থাকতে পারবেন। আর এর কারণ হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানাতে এবং সরকারি কর্মচারীরা যেন তাদের ধর্মীয় আচার, সামাজিক যোগাযোগ ও কৃষিকাজের জন্য সময় করতে পারে সে জন্যই নতুন করে শুক্রবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে সুস্থ ও সবল জাতি গড়ে উঠবে বলেও প্রজ্ঞাপনে আশা করা হয়। ধর্ম-নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত গাম্বিয়ার অধিকাংশ অধিবাসী মুসলমান হলেও বিশ্বের অন্য অনেক মুসলিম রাষ্ট্রের মতো এখানে শুক্রবার ছুটি ছিল না। তবে নতুন নিয়মে শুক্রবার অন্তর্ভূক্ত করা স্বত্তেও কেন শনি ও রবিবারের ছুটি বহাল রাখা হলো সে প্রশ্নের উত্তর সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদিও প্রতি সপ্তাহের অফিস সূচিতে গাম্বিয়ার সরকারি কর্মচারীরা সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তুলনামূলক বেশি সময়ই কাজ করে থাকেন। উল্লে¬খ্য, ১৯৯৪ সালে এক রক্তপাতহীন সামরিক অভ্যূথানের মাধ্যমে ক্ষমতায় আসেন রাষ্ট্রপতি ইয়াহইয়া জামেহ এবং এরপর থেকে ইতিবাচক ও নেতিবাচক বহু আদেশের কারণেই সংবাদ শিরোনাম হয়েছেন তিনি।