চলতি জানুয়ারি মাসের প্রথম ১৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৮০ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। আর চলতি অর্থবছরের প্রথম সাত মাসে জুলাই থেকে জানুয়ারি উল্লেখ্য তারিখ পর্যন্ত দেশের ৭৩৯ কোটি ৬৯ লাখ ডলার সমপরিমাণের ডলার দেশের এসেছে। অর্থাত্ গত অর্থবছরে (২০১১-১২) জুড়ে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছিল এ সময়ের তার ৬৫ শতাংশেরও বেশি চলে এসেছে। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরে রেমিট্যান্স দ্বিগুণ হবে বলে সংশ্লিষ্টরা বলছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এ সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৪৭২ কোটি ৭২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের বছরের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি। অন্যদিকে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইতালি ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দশটি দেশ থেকে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯৬ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসব দেশ থেকে রেমিট্যান্স আসে ২৬৪ কোটি ১৪ লাখ ডলার। এছাড়া অন্যান্য দেশ থেকে প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৫৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে অন্যান্য দেশ থেকে প্রবাসী আয় আসে ২৬ কোটি ৮৫ লাখ ডলার। অর্থাত্ অন্যান্য দেশ থেকে আসা রেমিট্যান্সের প্রবাহ কিছুটা কমেছে। দেশ ভিত্তিতে এ সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসী আয় এসেছে ২০০ কোটি ৫৪ লাখ ডলার।গত বছরের একই সময়ে দেশটি থেকে রেমিট্যান্স আসে ২০৪ কোটি ২৮ লাখ ডলারের সমপরিমাণ।
