টাঙ্গাইলে কাদের সিদ্দিকীরা চার ভাই এমপি প্রার্থী

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৪

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন টাঙ্গাইলের প্রভাবশালী সিদ্দিকী পরিবারের চার ভাই। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম টাঙ্গাইল-৪ (কালিহাতী) ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন এবং তাদের অপর দুই ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৫ (সদর) আসন ও তাদের ছোট ভাই আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে নির্বাচনে লড়তে চান। তারা তাদের কর্মী সমর্থক নিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণাও চালাচ্ছেন। সিদ্দিকী পরিবারের চার ভাইয়ের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি টাঙ্গাইলে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে রবিবার ঘোষণা দেন।

লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য এবং ১৯৭৩, ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি একই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০০৮ সালে বিজয়ী হওয়ার পর মন্ত্রিত্ব পান তিনি। সর্বশেষ ২০১৪ সালের নির্বাচনেও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন। ওই বছরই নিউইয়র্কে পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে অপসারিত হন এবং সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী।

মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে ঐক্যফ্রন্টের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

কাদের সিদ্দিকী ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত শওকত মোমেন শাহজাহানের কাছে পরাজিত হন তিনি। ২০০১ সালের জাতীয় নির্বাচনে এই আসন থেকেই তিনি নিজ দলের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মুরাদ সিদ্দিকী ২০০১ সালে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে এবং ২০০৮ ও ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন।

কাদের সিদ্দিকীর ছোট ভাই আজাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ার প্রত্যাশায় মনোনয়নপত্র ক্রয় করেন। তিনি এক সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি আজাদ সিদ্দিকী পরবর্তীতে কাদের সিদ্দিকীর সাথে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন।