কোনো এক নিন্দুক ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, ‘বাঙালি জ্ঞানীর কদর করতে জানে না।’ তাঁর ঈর্ষাকাতর মুখে অনেক আগেই কুলুপ পড়ে গেছে। কারণ জাতি হিসাবে আমরা আজ কতটা সমৃদ্ধ তা বিশ্ব অবাক নেত্রে পর্যবেক্ষণ করছে। জ্ঞানীর কদর যেমন অতীতে ছিল, এখনও তেমনই আছে। তারই প্রকৃষ্ট উদাহরণ শিশুসাহিত্যিক ও ছড়াকার মামুন সারওয়ার সম্পাদিত ‘লাটাই’ ফারুক হোসেন সংখ্যা। এটি আকার-আকৃতিতে খুব বেশি ঢাউস না হলেও একেবারে লিকলিকে সাইজের তো নয়ই। ছড়াকার ফারুক হোসেন সংখ্যাটি হলো লাটাই-এর ৮ম সংকলন। লাটাইয়ের এই সংখ্যার লেখা তার পাঠকের কাছে যে কমিটমেন্ট, তা পূরণে অনেকাংশেই সফল।
আমাদের দেশে ছড়াচর্চা করে যাঁরা খ্যাতি অর্জন করেছেন, ফারুক হোসেন তাঁদের অন্যতম। সেই আশির দশক থেকে ছড়ার সঙ্গে তাঁর মধুর সম্পর্ক। বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় প্রায় সকল কাগজেই লিখেছেন তিনি। যুক্ত থেকেছেন বিভিন্ন সাহিত্য সম্পর্কিত প্রতিষ্ঠানের সঙ্গে। সেই সূত্র ধরে তাঁর আত্মীয়তা ফয়েজ আহমদ, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, রফিকুল হক দাদুভাই, আখতার হুসেন, আলী ইমাম, ফরিদুর রেজা সাগরসহ আরো বেশ কয়েকজন বিখ্যাত শিশুসাহিত্যিকের সঙ্গে। শিশুসাহিত্যিক ফারুক হোসেনকে নিয়ে লাটাই-এর আয়োজনে খ্যাতিমান এই লেখকদের লেখাতে উঠে এসেছে মধুর সব স্মৃতি। এসেছে ব্যক্তি ফারুক হোসেনের কথা। তবে যেহেতু লেখক তাঁর লেখায় বেঁচে থাকেন, তাই তাঁর লেখার বিষয় নিয়ে লাইন ধরে ধরে আলোচনা করেছেন এই সময়ের খ্যাতিমান শিশুসাহিত্যিক আলী ইমাম। আছে ফারুক নওয়াজ, লুত্ফর রহমান রিটন, ফরিদুর রেজা সাগর ও ইমদাদুল হক মিলনের মতো খ্যাতিমান সাহিত্যিকদের স্মৃতিগদ্য।
শুধু প্রবীণ শিশুসাহিত্যিকদের আলোচনা নয়, পাশাপাশি আছে এই সময়ের তরুণ ছড়াকার ও শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি জব্বার আল নাঈম, ছড়াকার আশিক মুস্তফা, ছড়াকার রাসেল রায়হানের বিষয়ভিত্তিক আলোচনা। এই সংকলনের উপরি পাওনা শিশুসাহিত্যিক ফারুক হোসেনের আনন্দ-বেদনার সঙ্গী আরিফা হোসেনের সাক্ষাত্কার। যা পাঠে জানা যাবে একজন ছড়াকারের পরিশ্রমের পরিমাণ কতটা। এছাড়া আছে ফারুক হোসেনের নির্বাচিত ছড়া, গল্প, ফিচার ও ভ্রমণরচনা। সর্বোপরি গ্রন্থতালিকা। তাঁর গ্রন্থ আলোচনা বা মূল্যায়নের বিষয়ে অনেক কথা প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায়। সেগুলো থেকে দু-একটি লাইন তুলে ধরছি। ফারুক হোসেন প্রধানত ছড়াকার। আর তাঁর ছড়ার ক্ষুরধার সম্পর্কে কমবেশি সকলেই জানি। তাই ছড়া বিষয়ে নয়, ফারুক হোসেনের সৃজনের অন্য জগত্ হলো ভ্রমণসাহিত্য, সে প্রসঙ্গে আসাদ চৌধুরীর মন্তব্য তুলে ধরার লোভ সংবরণ করতে পারলাম না। ‘আমি যদি কখনো জাপানে যাবার সুযোগ করতে পারি, আমি দুটি বই অবশ্যই সঙ্গে নেব, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জাপানযাত্রী’ আর ‘জাপান মানে জমজমাট’।’ (পৃ. ১১)। ভ্রমণসাহিত্য সম্পর্কে সেলিনা হোসেন তাঁর এক লাইনের মন্তব্য দিয়ে বোঝালেন ফারুক হোসেনের প্রখরতা। ‘ফারুক হোসেনের তথ্যবহুল ভ্রমণকাহিনি যেমন আনন্দদায়ক তেমনি জ্ঞানগর্ভ।’ (পৃ. ১৮) আর একটি লাইন না বললেই নয়, ‘অল্প কথায় অধিক ভাবের প্রকাশ তাঁর ছড়াকে ঐশ্বর্য দিয়েছে। তাঁর গদ্যরচনায়ও আছে অপরূপ সৌন্দর্য।’ (পৃ. ১৮)
শিশুসাহিত্যিক ফারুক হোসেনের সৃজনশীলতার যে বহুমাত্রিক জগত্ সে সম্পর্কে জানার জন্য এই সংকলন সহায়ক হবে। যদিও একটি বিষয়ের অভাব বোধ করেছি, সেটি হলো ফারুক হোসেনের সালানুক্রমিক জীবনী। সামনের সংকলনগুলোতে সম্পাদনা পরিষদ বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন বলে আশা রাখি। লাটাই-এর বহুল প্রচার ও সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
লাটাই
সম্পাদক : মামুন সারওয়ার
প্রচ্ছদ : মাসুম হেলাল
প্রকাশকাল : মার্চ ২০১৯
মূল্য : ১০০ টাকা
