বসন্তের বোন হেঁটে যায়

আপডেট : ০২ মে ২০১৯, ১৮:৫৯

 

বসন্তের বোন তরমুজক্ষেতে তা দেয়,

মোষগুলো দাবড়ে ডোবায় ফ্যালে:

আনকো পানিতে তারা জাবর কাটে,

পেড়িকাদা মাখে সারা গায়...

 

লোকজন তিক্ত-অতিষ্ঠ:

গাল দেয়—

হেঁকে বলে, ‘দূর হ আগুনমুখী।’

 

দুরন্ত কিশোরদল,

তারা কিন্তু ভারি খুশি:

 

স্কুল ফেলে দৌড়-ঝাঁপ,

হইচই,

টো টো,

আম-কাঁঠালের বনে...

 

উঠতি যুবকরাও ফিট:

ডাব পাড়ে,

উড়োধুরো শিস দেয়...

 

বসন্তের বোন হেঁটে যায়:

ধুলোঝড়, শিলাবৃষ্টি, রক্তলাল কৃষ্ণচূড়া পায়...