প্রশাসনিক জটিলতায় থমকে গেছে কুষ্টিয়ায় বেসরকারিভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন সিরাতুন্নেসা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল নির্মাণ কাজ। বেসরকারি উদ্যোগে নির্মিতব্য বিশ্বমানের এ হাসপাতালটি বন্ধের চক্রান্তে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন সদর উপজেলা পরিষদ রাস্তার সামনে বরেণ্য শিল্পপতি, বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান তার প্রয়াত মায়ের নামে এ হাসপাতালটির কাজ শুরু করেন।
২০১২ সালের মাঝামাঝি দুই শতাধিক কোটি টাকা ব্যয় ধার্যে ১৫ তলাবিশিষ্ট ভবন ও অন্যান্য অবকাঠামো স্থাপনের মাধ্যমে বিশ্বমানের এ হাসপাতাল নির্মাণের প্রাথমিক কাজ শুরু হয়।
স্বল্প খরচে গরীব-অসহায় মানুষের চিকিত্সা নিশ্চিতকরণ এবং নিজ এলাকা থেকেই বিশেষায়িত ও উন্নত চিকিত্সাসেবা দেয়ার মহান ব্রত ও উদ্দেশ্য নিয়েই আন্তর্জাতিকমানের এ হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানা যায়। জেলার পূর্বের জেলা প্রশাসক বনমালি ভৌমিকের লিখিত অনুমতি লাভের পর প্রশাসনের নোটিফাইড এড়িয়ায় বেসরকারি মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল ভবন নির্মাণের জন্য প্রাথমিক কাজ শুরু হয়।
হাসপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হলে সর্বাধুনিক ও উন্নত চিকিত্সা সরঞ্জাম সংযোজনসহ দেশি-বিদেশি চিকিত্সকের সমন্বয়ে হাসপাতালটি আন্তর্জাতিকমানদণ্ডে প্রতিষ্ঠা করা হবে বলে প্রতিষ্ঠাতা কোম্পানি বিআরবি গ্রুপের কর্মকর্তারা জানান।
বৃহত্তর কুষ্টিয়ায় বিশেষায়িত হাসপাতাল কিংবা উন্নত চিকিত্সার কোন ব্যবস্থা না থাকায় মুমূর্ষু ও অধিক ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিত্সা এ জেলায় দেয়া সম্ভব হয় না। এ হাসপাতালটি চালু হলে হতদরিদ্র মানুষের জন্য বিনা খরচ ও স্বল্প খরচে চিকিত্সাসেবা পাওয়া যাবে এবং উন্নত চিকিত্সালাভে বৃহত্তর কুষ্টিয়াসহ খুলনা বিভাগের মানুষের কল্যাণে আসবে বলে কর্তৃপক্ষীয় সূত্র জানায়।
চিকিত্সা পেশার সাথে জড়িত স্থানীয় শক্তিশালী একটি মহল সিন্ডিকেট তৈরি করে অহেতুক আইনগত ও প্রশাসনিক জটিলতা সৃষ্টির মাধ্যমে বিশ্বমানের ওই হাসপাতালটি নির্মাণ কাজ বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ পাওয়া যায়।
কুষ্টিয়ার বাসিন্দা ফরিদপুর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের প্রফেসর ডাক্তার মুসতানজিদ জানান, কুষ্টিয়ায় সরকারি মেডিক্যাল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হলে স্বাস্থ্যসেবা ও চিকিত্সার ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে।
কুষ্টিয়া সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ জানান, কুষ্টিয়ায় বেসরকারিভাবে বিশেষায়িত হাসপাতাল চালু হলে স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী পদক্ষেপ গৃহীত হবে।
বিআরবি গ্রুপের চেয়ারম্যান ও বরেণ্য শিল্পপতি আলহাজ্ব মজিবর রহমান জানান, বিশ্বমানের চিকিত্সাসেবা মানুষের কাছে পৌঁছে দেয়া ও সেবার মহান ব্রত নিয়েই তিনি হাসপাতালটি নির্মাণের কাজ শুরু করেছেন। দেশি-বিদেশি চিকিত্সকের সমন্বয়ে স্বল্প খরচে চিকিত্সা ও হত-দরিদ্র, অসহায় মানুষের জন্য বিনা খরচে চিকিত্সা প্রদানসহ এ হাসপাতালে উন্নত ব্যবস্থাপনায় সব ধরনের চিকিত্সা ও অপারেশনের ব্যবস্থা রাখা হবে বলে তিনি জানান।
জেলা প্রশাসনের হস্তক্ষেপে মেডিক্যাল কলেজটির নির্মাণ বন্ধ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান , মেডিক্যাল স্থাপনে পূর্বের জেলা প্রশাসকের দেয়া অনুমতি তিনি বাতিল করেননি।
