ফরিদপুরের মধুখালী বাজারে বুধবার পুলিশের গাড়ি চাপায় দৈনিক ইত্তেফাকের মধুখালী উপজেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ (৪৫) গুরুতর আহত হয়েছে।
ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, করিমপুর হাইওয়ে থানার হাবিলদার তোফাজ্জেল হোসেন একটি ট্রাককে করিমপুর থেকে ধাওয়া করে মধুখালী বাজারে গিয়ে আটক করে। পরে ওই হাবিলদার ট্রাক থেকে ড্রাইভারকে নামিয়ে বেধড়ক মারপিট শুরু করে। এসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক ফারুক ছবি তুলতে গেলে পুলিশের গাড়ি দিয়ে ফারুককে চাপা দেয়া হয়। এ ঘটনায় ফারুক মারাত্মকভাবে আহত হয়েছে।
পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে ধাওয়া করলে কোন রকমে পুলিশ পালিয়ে গেলেও জনতা সড়ক অবরোধ করে রাখে। এক ঘণ্টা সড়ক অবরোধের পর স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসের ভিত্তি ১১টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা। এ বিষয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, একজন কর্মরত সাংবাদিকের উপর পুলিশের এই ধরনের কর্মকাণ্ড আমরা কখনই প্রত্যাশা করি না। এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক ইত্তেফাককে বলেন,‘পুলিশকে দোষ দেয়া তো খুব সহজ। আমি ঢাকায় আছি, ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নিব।’
