দশ বছর নেত্রকোনায় ছাত্রদলের সম্মেলন হয়নি

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৪
দীর্ঘ ১০ বছর যাবত্ নেত্রকোনা জেলা ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় ছাত্রদলের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই ঢিমেতালে চলছে জেলা ছাত্রদল। সঞ্চার হচ্ছে তীব্র ক্ষোভ এবং সংঘাতের। এছাড়া সংগঠনের সভাপতি, সম্পাদক বিবাহিত জীবন যাপন করে এখন থাকেন ঢাকায়। সম্পাদক বিয়ে করেছেন প্রায় ৭/৮ বছর পূর্বে। করেন ব্যবসা-বাণিজ্য। জেলায় তাদের কার্যক্রম বলতে কিছুই নেই। ২০০২ সালের মধ্যবর্তী সময়ে মনিরুজ্জামান দুদু এবং শরিফুল হাসান আরিফকে কেন্দ্র থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০০৩ সালের ১৯ মে নেত্রকোনা জেলা ছাত্রদলের ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বর্তমানে ৮১ বিশিষ্ট কমিটির মধ্যে ৪০ জন বিবাহিত। তারা সবাই ২/৩ সন্তানের পিতা। তারা বর্তমানে ঠিকাদারীসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। অনেকেরই ছাত্রত্ব নেই। যার ফলে এই কমিটিকে বিবাহিত-ব্যবসায়ী কমিটি বলে আখ্যায়িত করেছে। এই অবস্থায় ছাত্রদলের নতুন কর্মীরা অবিলম্বে সন্মেলন করে নতুন কমিটি গঠনের পক্ষে মত প্রকাশ করে বক্তব্য রাখছেন। নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের এক নেতা বলেন, ছাত্রদলের ভেতরে গ্রুপিং থাকায় কমিটি গঠন করা হচ্ছে না। জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মনিরুজ্জামান দুদুর সাথে কথা বললে তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি হয়েছে। এখন দেশের যে সমস্ত জেলায় ছাত্রদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি রয়েছে, সেখানে অচিরেই নতুন কমিটি গঠন করা হবে।