নবীনগরের গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা \ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামের মধ্যে গত মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে । এ ঘটনায় টেঁটাবিদ্ধ হয়েছে ৪ জন । নবীনগর থানা সলিমগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। টেঁটাবিদ্ধরা হলেন: মো. মতিন মিয়া (৪৫), মো. অহিদ মিয়া (৪৫), রুবেল (২০), হারিছ (৩০),তানছিল (২০)।
স্বরূপকাঠিতে তাবলীগের মুসল্লীর মৃত্যু
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে তাবলীগ জামায়াতে এসে হারুন মিয়া (৫৩) নামে এক মুসল্লীর মৃত্যু হয়েছে। সে বি.বাড়িয়ার কান্দিপাড়া গ্রামের মনা মিয়ার ছেলে বলে জানা গেছে। টঙ্গির বিশ্ব ইজতেমা শেষে গত মঙ্গলবার তাবলিগ জামায়াতের একটি দল উপজেলার ভোলাই বেপারী বাড়ি মসজিদে আসে। হারুন মিয়া রান্নার কাজ শেষে মসজিদের সামনে খালে গোসল করতে গিয়ে সিঁড়ির উপর পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুরে মহিলা পরিষদের নতুন কমিটি
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার ৩৪ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ১০ম জেলা সম্মেলনের পর কাউন্সিল অধিবেশনে মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার নতুন সভাপতি হিসেবে কানিজ রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মারুফা বেগম ফেন্সিকে নির্বাচিত করা হয়।
গলাচিপায় শিশুবরণ অনুষ্ঠান
গলাচিপা সংবাদদাতা \ পটুয়াখালী গলাচিপায় বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের (কাডেক) এর প্রতিভা প্রকল্পের উদ্যোগে প্রাক-প্রাথমিক শ্রেণি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শিশুবরণ অনুষ্ঠান মঙ্গলবার টাট্টিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আ.ছত্তার ডাক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিভা প্রকল্পের টেকনিক্যাল অফিসার সুদাস চন্দ্র মণ্ডল।
তাড়াইলে স্যানিটেশন বিষয়ক কর্মশালা
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার কিশোরগঞ্জের তাড়াইলে ধলা ইউনিয়ন পরিষদ ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির উদ্যোগে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান।
নাঙ্গলকোটে শ্লীলতাহানির অভিযোগে সুপার বহিষ্কার
নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা \ কুমিল্লা নাঙ্গলকোটে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা সুপারকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার মাদ্রাসা কমিটির সিদ্ধান্তে সুপার মাওলানা আবু ইউসুফকে বহিষ্কার করা হয়।
গফরগাঁওয়ে মহিলা আওয়ামী লীগের সমাবেশ
গফরগাঁও সংবাদদাতা \ ময়মনসিংহ-১০, গফরগাঁও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমা হোসেন বেবী সম্প্রতি উপজেলার পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজার, ছোটবড়াই, বড়বড়াই, নেওকা, শহীদনগর, ডুবাইল, মশাখালী ইউনিয়নের কান্দি, মুখী এলাকায় জনসমাবেশ করেন এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। গয়েশপুর বাজারে ৫ শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সেমিনার
ঠাকুরগাঁও প্রতিনিধি \ মাদকমুক্ত সমাজ গড়বো এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও সরকারি কলেজে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঠাকুরগাঁও সরকারি কলেজ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস। অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন, ভাষা সৈনিক ফজলুল করিম।
সুনামগঞ্জে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের কৃষ্ণনগরে ৪ বছরের শিশু ধর্ষণকারীর বিচার ও সারাদেশের নারী নির্যাতনকারীদের রুখে দাঁড়ানোর আহবানে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সম্মিলিত এলাকাবাসী আয়োজিত এই মানবন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষক ধূর্যটি কুমার বসু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু।
হোমনায় আলোচনা সভা
হোমনা সংবাদদাতা \ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে উপজেলা সদরে জশনে জুলুস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গাউছিয়া কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হোমনা কবরস্থান সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ গোলাম মওলা নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার শলিথা বাজারে অভিযান চালিয়ে ১২ পিচ ইয়াবাসহ শলিথা গ্রামের মালেক শেখের পুত্র গোলাম মওলা (৩০)-কে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
ফুলপুরে যুবতীর লাশ উদ্ধার
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বুধবার ময়মনসিংহ-শেরপুর সড়কের ফুলপুর উপজেলার কাকনী নামক স্থান থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবতীর গলাকাটা লাশ উদ্ধার করেছে। হালকা গড়নের বোরকা ও সালোয়ার কামিজ পরা যুবতীর লাশের পাশ থেকে একটি ব্লেডও উদ্ধার করেছে পুলিশ।
রায়গঞ্জে সেলাই মেশিন বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রায়গঞ্জ পৌর এলাকায় গরীব ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে। গতকাল বুধবার ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ তার কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় পৌর কাউন্সিলর, সচিব, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় লোডশেডিং
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দা উপজেলার বিদ্যুতের লোডশেডিং-এর মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। লোডশেডিং চলে দিনে ও রাতে। একদিকে শৈত্যপ্রবাহ অন্যদিকে লোডশেডিং ফলে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।
নেত্রকোনায় মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল
নেত্রকোনা প্রতিনিধি \ বাচ্চু রাজাকারকে বিচারে দেয়ায় নেত্রকোনা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে গতকাল বুধবার নেত্রকোনা শহরে আনন্দ মিছিল বের করা হয়। দলীয় অফিস থেকে মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে অফিসে এসে সমাপ্ত হয়। পরে সেখানে অন্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গনি তালুকদার।
রায়পুরায় পুরস্কার বিতরণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলার বৃহত্ প্রতিষ্ঠান সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আব্দুর রহমান খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া।
বাঞ্ছারামপুরে অবহিতকরণ সভা
বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার ইউনিসেফ-এর আর্থিক সহায়তায় ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর আয়োজনে ক্রিয়েটিং আর্সেনিক সেফ ভিলেজ উইথ সাসটেইনেবল ইমপ্রুভমেন্ট অফ ওয়াশ নামক প্রকল্পের উপর এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
শরণখোলায় কারেন্ট জাল ধ্বংস
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলায় কোস্টগার্ডের জব্দকৃত দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। বুধবার কোস্টগার্ড অফিস চত্বরে জালগুলো পোড়ানো হয়। যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে কোস্টগার্ড জানিয়েছে।
কাউনিয়ায় কর্মশালা
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা\ সোমবার কাউনিয়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় খাস জমি উদ্ধার বন্দবস্তকরণ ও ভূমিহীন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বালাপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম।
কাজিপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি\ সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী এলাকার আব্দুস সাত্তারের ভুট্টার ক্ষেত থেকে পুলিশ অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে।
জগন্নাথপুরে মহানামযজ্ঞানুষ্ঠান
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ জগন্নাথপুর উপজেলা সদরের শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় সোমবার থেকে শুরু হয়েছে ২৬তম ষোল প্রহরব্যাপী বার্ষিক নামযজ্ঞ অনুষ্ঠান। জগন্নাথ জিউর আখড়ায় উত্সব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে ও হিন্দু সম্প্রদায়ের নেতা বাবুল চন্দ্র দেব।
