রায়পুরায় এক মুফতির ওয়াজ প্রচারে নিষেধাজ্ঞা

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৮
বিতর্কিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্তাহেরীর মাহফিল রায়পুরা উপজেলাতে নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সুন্নী-ওহাবী সমর্থকদের সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষের উপস্থিতিতে সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সমঝোতা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভূইয়ার সভাপতিত্বে সমঝোতা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ঈমাম সমিতির সভাপতি মোঃ শওকত, কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আফজাল হোসাইন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আঃ ছাদেক প্রমুখ। উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি অলিপুরা ইউনিয়নে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সুন্নী-ওহাবী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটে। এতে ১ জন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়।