অগ্রণী ব্যাংকের ঠাকুরগাঁও শাখায় হিসাবের ব্যালেন্সসীট সংগ্রহ করতে গিয়ে নূর নবী নামে এক ব্যবসায়ী ব্যাংক ম্যানেজার, এজিএম, এডভান্স অফিসারের হাতে লাঞ্ছিত হয়েছেন। তারা ঐ ব্যবসায়ীকে পিটিয়ে দুটি দাঁত ভেঙে দিয়েছে। গত মঙ্গলবার নূর নবী বাদী হয়ে ৩ কর্মকর্তাকে আসামি করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। অভিযোগে জানা যায়, গত ১৭ জানুয়ারি বিকেলে ঠাকুরগাঁও শহরের মেসার্স নিউ একে ট্রেডার্স’র স্বত্বাধিকারী মো. নূর নবী অগ্রণী ব্যাংক শাখায় তার হিসাব নম্বর ৩৭০৭ এর লেনদেন-এর ব্যালেন্স সার্টিফিকেট নিতে যায়। তাকে দেখা মাত্র ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম তাকে কাঠের রোলার দিয়ে মুখে আঘাত করে। এতে তার উপর পার্টির ২টি দাঁত ভেঙে যায়। তার চিত্কারে লোকজন ছুটে এলে ব্যাংকের এজিএম শহিদুল ইসলাম ও এডভান্স অফিসার শহিদও তাকে কিল ঘুষি মারে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। এক পর্যায়ে এজিএম শহিদুল ইসলাম ব্যাংকের দারোয়ানের বন্দুক নিয়ে তাকে গুলি করে হত্যার হুমকি দেয়।
গুরুতর অবস্থায় প্রত্যক্ষদর্শীরা ওই ব্যবসায়ীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আদালত মেডিক্যাল সনদপত্র দাখিলের জন্য সিভিল সার্জনকে নির্দেশ প্রদান করেন।
