একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল দলের প্রার্থী মনোনয়ন সম্পন্ন হয়েছে। এতে মৌলভীবাজার-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এবং বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ মোঃ মুজিবুর রহমান (হাজী মুজিব) দলীয় মনোনয়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদের প্রতি স্থানীয় নেতা-কর্মীদের অনীহা ও প্রচণ্ড ক্ষোভসহ প্রার্থী পরিবর্তনের টান টান উত্তেজনা দেখা দিলেও গত ২৫ নভেম্বর রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে আব্দুস শহীদকে মনোনয়নপত্র প্রদান করা হয়। এতে করে স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটে। তবে মৌলভীবাজার-৪ আসনের এবারের নির্বাচনে আব্দুস শহীদ ও হাজী মুজিবের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে স্থানীয়রা ধারণা করছেন।
