ফিলিপ হিউজের সেঞ্চুরিতে ভর করে শ্রীলংকার বিপক্ষে গতকাল বুধবার আরো একটি জয় পেল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-২ সমতায় শেষ হল।
হোবার্টের বেলেরিভ ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে টসের বিপরীতে প্রথমে ব্যাটিং নিয়ে হিউজের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। অপরাজিত ১৩৮ রান সংগ্রহ করেন হিউজ।
জবাবে ২৪৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে গিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে সফরকারী শ্রীলংকা। শেষ পর্যন্ত ওই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি উপমহাদেশের দলটি। ৪৮.৩ ওভারে ২১৫ রান তুলতেই সবক’টি উইকেট হারায় তারা। অ্যাঞ্জেলো ম্যাথুস সর্বোচ্চ ৬৭ রান সংগ্রহ করেন। জেভিয়ার ডোহার্তি ও মোইসেস হেনরিক ৩টি করে উইকেট লাভ করেন। হিউজ ম্যাচ সেরা এবং সিরিজ সেরা হন শ্রীলংকার পেসার নুয়ান কুলাসেকারা।-বাসস
