আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবিতে গতকাল সারাদেশে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপির ৭৫টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের কেন্দ্রিয় সিনিয়র নেতারা। রাজধানীতে বিএনপির সমন্বয়কারী তরিকুল ইসলাম ধোলাইখালে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বলেন, গণসংযোগে জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। জনগণ ঘর থেকে বের হয়ে সরকারের প্রতি গণঅনাস্থা জানাচ্ছে। তরিকুল বলেন, সরকার ক্ষমতায় থাকার অহমিকায় মত্ত। তাই তাদের বিদায় দিতে শেষ বাঁশি বাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে জনগণকে সম্পৃক্ত করতে এ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে ১৮ দল।
‘বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুককে পেটানোর কারণে এডিসি হারুনকে পুরস্কৃত করা হয়েছে’- স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তরিকুল ইসলাম বলেন, সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে এবং মানবতাকে অবমাননা করছে। এতেই প্রমাণিত হয় সরকার পুলিশকেও তাদের দলীয় অঙ্গসংগঠনে পরিণত করছে। তিনি বলেন, জনগণ যখন আমাদের সঙ্গে মাঠে নেমে আসবে তখন এই মহাজোট সরকার টিকে থাকতে পারবে না।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ৭৯নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কাজী মোস্তাফিজুর রহমান কাওসার, ৭৮নং ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
