বিশ্বজিত্ হত্যা মামলা

লাশের ময়না তদন্তকারী চিকিত্সকের হাইকোর্টে হাজিরা আজ

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে পুরান ঢাকায় নিহত বিশ্বজিত্ দাসের লাশের ময়না তদন্তকারী চিকিত্সককে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতে ওই চিকিত্সকের হাজিরা নিশ্চিত করতে সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে বলা হয়েছে। এছাড়া লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা সূত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর এসআই মো. জাহিদুল হককেও আদালতে হাজির থাকতে বলা হয়েছে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ কর্তৃপক্ষ এবং মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ডিসি, ডিবিকেও (দক্ষিণ) বিশ্বজিত্-এর নিহতের ঘটনার ভিডিও ফুটেজ আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। গতকাল বুধবার এ আদেশের কপি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত গত রবিবার হাইকোর্টে বিশ্বজিত্-এর লাশের সুরতহাল রিপোর্ট ও ময়না তদন্ত প্রতিবেদন দাখিল করেন রাষ্ট্রপক্ষের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার। সুরতহাল ও ময়না তদন্ত প্রতিবেদন দুটি পর্যালোচনা করে মঙ্গলবার হাইকোর্ট সংশ্লিষ্ট চিকিত্সক ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তাকে আজ আদালতে হাজিরের নির্দেশ দেয়। উল্লেখ্য, এক ফৌজদারি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ডিসেম্বর হাইকোর্ট বিশ্বজিত্ হত্যা মামলার সব আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। পাশাপাশি জড়িতদের কেন গ্রেফতারের নির্দেশ দেয়া হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করা হয়। সাপ্তাহিক সপ্তবর্ণা পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ এ আবেদন করেছিলেন।