সরকারিভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য হতে চূড়ান্তভাবে ১১ হাজার ৭৫৯ জনকে নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড পদ্ধতিতে চূড়ান্ত পর্বের লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, চূড়ান্ত পর্বের লটারিতে নির্বাচিতদের প্রথম দফায় মালয়েশিয়া পাঠানো হবে এবং নিবন্ধিত ব্যক্তিদের পর্যায়ক্রমে মালয়েশিয়া থেকে প্রাপ্ত চাহিদার ভিত্তিতে প্রেরণ করা হবে। সারাদেশে নাম নিবন্ধনকারী মোট ১৪ লাখ ৪২ হাজার ৭৭৬ জনের মধ্যে লাটারিতে প্রাথমিকভাবে ৩৬ হাজার ৩৮ জনকে নির্বাচিত করা হয়। এ পর্যায়ে মালয়েশিয়া সরকারের নিকট হতে প্রাপ্ত ১০ হাজার বনায়নকর্মী বাছাইয়ের উদ্দেশ্যে ১১ হাজার ৭৫৯ জন কর্মী নির্বাচন করা হয়। নির্বাচিতদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিএমইটি সূত্র জানায়, সরকারিভাবে এ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহীদের ৪০ হাজারের বেশি টাকা খরচ হবে না।
