ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনালের বড় জয়

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:১৫
ম্যানসিটি ও চেলসির বিপক্ষে দুই হারের ধাক্কা সামলে অবশেষে প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। অলিভার গিরউডের জোড়া গোলে ভর করে গত বুধবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৫-১ ব্যবধানে হারায় স্বাগতিক আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে ফরাসি স্ট্রাইকার গিরউডের কল্যাণেই আর্সেনাল সমালোচনার জবাব দিতে পারলো। আর্সেন ওয়েঙ্গারের দলটি সমর্থক ও ফুটবল বোদ্ধাদের সমালোচনা হজম করছে ম্যানচেস্টার সিটি ও চেলসির কাছে হেরে যাওয়ার পর থেকে। এই দুই হারে প্রিমিয়ার লিগে শেষ চারে যাওয়াটা খুবই কঠিন হয়ে যায় আর্সেনালের। সেটা এখনও সহজ না হলেও ম্যাচ জিতে আত্মবিশ্বাস অন্তত বেড়েছে। শুরু অবশ্য তাদের বিপক্ষেই হয়েছিল। ম্যাচের ১৮ মিনিটে ওয়েস্টহ্যাম জ্যাক কলিসনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু চার মিনিটের মধ্যে আর্সেনালের লুকাস পোডলস্কি সমতায় ফেরান দলকে। দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দে ফেরে আর্সেনাল। গিরউড ৪৭ ও ৫৭, স্যান্তি ক্যাজোরলা ৫৩ মিনিটে এবং ৫৪ মিনিটে থিও ওয়ালকট গোল করেন। প্রিমিয়ার লিগে ওয়ালকটের এটি দশম গোল। আর চলতি মৌসুমে জার্মান খেলোয়াড় পোডলস্কি এবং ফরাসি গিরউডের সমান ১১টি করে গোল রয়েছে। আর্সেনাল পয়েন্ট টেবিলের ছয়েই রয়েছে। সর্বশেষ চার লিগ ম্যাচে এই একটি জয় তাদের। প্রিমিয়ার লিগে টটেনহ্যাম ৪১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। ২৩ খেলা শেষে আর্সেনাল ৩৭ পয়েন্ট অর্জন করতে পেরেছে। চতুর্থস্থান থেকে চার পয়েন্ট পেছনে গানাররা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেতে প্রিমিয়ার লিগের শেষ চারে অন্তত থাকতে হবে মৌসুমের শেষে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৫১ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থানে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ছয় পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে চেলসি। এভারটন ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে রয়েছে। ওয়েস্টহ্যাম দশজনের দলে পরিণত হয় যখন তাদের তরুণ ডিফেন্ডার ড্যানিয়েল পটস ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। আগেই বদলি খেলোয়াড়ের কোটা শেষ করে ফেলায় ওয়েস্টহ্যামকে দশজন নিয়েই খেলতে হয়। পটসকে পরবর্তীতে হাসপাতালে নেয়া হয়। আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বিশ্বাস করেন এমন জয়ে প্রমাণ হয়েছে যে তারা চাপ সামলাতে সক্ষম। শেষ চারে যাওয়ার ব্যাপারেও সে আশাবাদি। ওয়েঙ্গার বলেন, ‘আমরা ভাল জবাব দিতে পেরেছি। চেলসির ম্যাচটি আমি আবার দেখেছিলাম। অনুভব করেছিলাম দ্বিতীয়ার্ধে আমরা ভাল ছিলাম। আমরা সেটার ধারাবাহিকতা এখানে রেখেছি। প্রথমার্ধে আমরা নিয়ন্ত্রণ রেখেছিলাম। কিন্তু ওয়েস্টহ্যাম ভয়ংকর ছিল। দ্বিতীয়ার্ধে সেরা গতিতে খেলতে পেরেছি। অনেকগুলো সুযোগও এসেছে।’