আনসার ভিডিপি ব্যাংককে ২০ কোটি টাকা ঋণসহায়তা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৪৪
আর্থিক সঙ্কট মেটাতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংককে ২০ কোটি টাকা ঋণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা এ ঋণের অনুমোদন দেয়। তবে পাঁচ শর্তে এ ঋণ ছাড় করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংকটির বিভিন্ন উত্স থেকে সংগৃহীত তহবিলের পরিমাণ ২১৬ কোটি টাকা। অথচ বর্তমানে তাদের বকেয়া রয়েছে ২৩৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপী ঋণের পরিমাণ আছে ১৭ কোটি ৯৭ লাখ টাকা যা মোট বকেয়ার ৭ দশমিক ৭১ শতাংশ। এই পরিস্থিতিতে আর্থিক সঙ্কটে তাদের ঋণ কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে। আর সে সঙ্কট মেটাতে ১০০ কোটি টাকা ঋণ সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে ব্যাংকটি। তবে পরিচালনা পর্ষদ ২০ কোটি টাকা দেয়ার জন্য অনুমোদন করে।