চলতি অর্থবছরের (২০১২-২০১৩) প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) উন্নয়ন সহযোগীরা প্রায় ১৩১ কোটি ডলার ছাড় করেছে। বৈদেশিক সহায়তার এই ছাড়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৩ শতাংশ বেশী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) তথ্যানুযায়ী এ সময়কালে ঋণ ১০৫ কোটি ৩৯ লাখ ডলার এবং অনুদান ২৫ কোটি ৪৮ লাখ ডলার ছাড় হয়েছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে মোট সহায়তা ছাড় হয়েছিলো ৮৫ কোটি ৭৪ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের আলোচ্য সময়ে খাদ্য সহায়তা বাবদ কোন অর্থ আসেনি। গত অর্থবছরের একই সময়ে ১ কোটি ৫২ লাখ ডলারের খাদ্য সহায়তা ছিল। সূত্র জানায়, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশী ছাড় করেছে বিশ্বব্যাংক। প্রায় ৩৭ কোটি ৪২ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৩৫ কোটি ডলার। জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) ছাড় করেছে প্রায় ২০ কোটি ডলার।
আলোচ্য সময়কালে ঋণের অর্থের আসল পরিশোধ করা হয়েছে ৪০ কোটি ৭১ লাখ ডলার। গত অর্থবছরের ৬ মাসে আসল পরিশোধ ছিল ৩৯ কোটি ডলার। ইআরডির কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরে বৈদেশিক অর্থ ব্যবহারের পরিমাণ বেড়েছে। তাছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন পরিস্থিতি গতবারের চেয়ে ভাল।
অন্যদিকে আলোচ্য সময়ে উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতির পরিমাণ কিছুটা কমেছে। অর্থবছরের প্রথম ছয় মাসে ২৪৯ কোটি ডলার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ প্রতিশ্রুতির পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ কোটি ডলার কম। গত অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ২৬৯ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে।
