কুড়িগ্রামের খোলা স্কুলে শীতে কাঁপছে শিক্ষার্থীরা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
মাঘ মাসের প্রচন্ড শীতের মধ্যে চারদিক দিয়ে ঢুকছে হার কাঁপানো হিমেল হাওয়া। আর শীতের দাপটে ঠক ঠক করে কাঁপছে দুই শতাধিক কোমলমতি শিক্ষার্থী। বেড়াবিহীন পুরোনো টিনসেডে গাদাগাদি করেই কোন রকমে চলছে তাদের পাঠদান। শিক্ষার্থীরা দরিদ্র পরিবারের হওয়ায় গায়ে তেমন কোন গরম কাপড়ও নেই। ফলে ঠান্ডায় জবুথুবু হয়ে ক্লাস করে তারা। সরেজমিনে এইরকম হূদয়স্পর্শী দৃশ্য দেখা গেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অনগ্রসর প্রত্যন্ত এলাকার দক্ষিণ রামখানা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে। প্রচন্ড ঠান্ডা আর বিভিন্ন ক্লাসের পাঠদান একসাথে চলায় শিক্ষার্থীরা ইচ্ছা থাকা সত্বেও পাঠগ্রহণে মনযোগী হতে পারছে না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষকগণ। বিদ্যালয়টির ৫ম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়া, রফিকুল, সবুজ, মেঘনা, আল-আমিন, ৪র্থ শ্রেণীর রুমি, আর্জিনা, স্বপ্না, কল্পনা, বানেছা, আরিফা জানায়, ঠান্ডায় কলম ধরতে পারছি না। শীত ও ঠান্ড বাতাসে শরীর কাঁপছে। গত কয়েকদিনের ঠান্ডায় আমাদের বেশ কয়েকজন সহপাঠি অসুস্থ হয়ে পড়ায় তারা স্কুলে আসতে পারছে না। প্রধান শিক্ষক নূর ইসলাম ইত্তেফাককে জানান, নতুন ভবন তৈরি ও পুরাতন ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একাধিকবার আবেদন করা হলে পিডিপি-৩ থেকে ৬০ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ৭৫ ফিট দৈর্ঘ্যের একটি দ্বিতল ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়। মাপজোখ হওয়ার পরেও অদৃশ্য কারণে তা আজও বাস্তবায়ন হয়নি।