সখিনা বিবিকে (১০৪) মারধর করে তার ভিটি থেকে দুইটি ঘর ভেঙ্গে নিয়ে গেছে মুল্লুকচান নামে এক কুখ্যাত ডাকাত। লুট করে নিয়ে গেছে আসবাবপত্র ও তৈজসপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল। বুধবার নরসিংদী সদর উপজেলার কাকশিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযোগে প্রকাশ, ডাকাতি ও অস্ত্রবাজী মামলায় জেল খেটে জামিনে বেড়িয়ে মুল্লুকচান ও তার সন্ত্রাসী বাহিনী আরো বেপরোয়া হয়ে এই দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয়েছে।
জানা গেছে, একই গ্রামের মৃত হাছেন আলীর পুত্র শফিকুর রহমানের সাথে জমির মালিকানা নিয়ে মুল্লুকচানের দীর্ঘদিনের বিরোধ। এ ব্যাপারে মুল্লুকচানের বিরুদ্ধে থানা এবং কোর্টে কয়েকটি মামলাও বিচারাধীন। এর আগে মুল্লুকচান অস্ত্রবাজীতে ধরা খেয়ে দীর্ঘ ১৩ বছর সাজা খেটে মুক্তি পায়। এরপর সে ডাঙ্গার ব্র্যাক ব্যাংক ডাকাতির মামলায় আসামি হয়ে বেশকিছুদিন জেল খাটে। এ মামলাটি বর্তমানে বিচারাধীন। জেল থেকে মুক্তি পেয়ে মুল্লুকচান বিশাল সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ভূমিদস্যুতাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। বুধবার সকাল ১০টায় মুল্লুকচান ও তার সন্ত্রাসী বাহিনী মাইক্রোবাস নিয়ে রামদা, কিরিচ, লাঠি-সোটা, চাপাতি ইত্যাদি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শফিকুর রহমানের বাড়িতে আক্রমণ চালায়। এ সময় মুল্লুকচান ও তার বাহিনীর ভয়ে শফিকুর রহমান বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়। এই সুযোগে মুল্লুকচান শফিকুর রহমানের ঘরে থাকা তার ১০৪ বছরের বৃদ্ধা মা সখিনা বিবিকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে দীর্ঘ ৩ ঘন্টা তান্ডব চালিয়ে পশ্চিম ভিটি থেকে দুইটি ঘর ভেঙ্গে নিয়ে যায়।
