ভৈরবে কোদালকাটি ব্রিজের সংযোগ সড়ক সম্পন্ন হয়নি আজও

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
ভৈরব উপজেলার কোদালকাটি নদীর উপর সেতুটি জনসাধারণের চলাচলের উপকারে আসছে না। স্বাধীনতার পর থেকে কোদালকাটি নদীর উপর ব্রিজসহ দুপাশে সড়ক নির্মাণ কাজ করার জন্য উপজেলার পূর্বাঞ্চলের জনগণ দাবি করে আসছে। দাবির মুখে ১৯৯৬ সালে তড়িঘড়ি করে কোদালকাটি নদীর উপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হলেও দুপাশের সংযোগ সড়কে কিছু মাটি ফেলে কাজ বন্ধ করে দেয়। এতে যানবাহন চলাচল করতে পারছে না। ফলে পূর্বাঞ্চলের লক্ষাধিক লোকের দুর্ভোগ থেকেই যায়। আবার মাঝে মধ্যে সড়কটিতে কিছু কিছু মাটি ফেলে এলাকার লোকজনকে সান্ত্বনা দেয়া হলেও কাজের কাজ কোন কিছুই হচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের উপর পানি উঠে চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে নৌকা দিয়ে লোকজনকে পারাপার হতে হয়। তাছাড়াও ওই অঞ্চলের কৃষকরা তাদের উত্পাদিত কৃষিপণ্য বাজারজাত করতে হিমশিম খাচ্ছে।