বিশ্বনাথের হাওরে এবারও বোরো ফসল হচ্ছে না

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
সিলেটের বিশ্বনাথের কাদিপুর হাওরে এখন আর বোরো ফসল হচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ফসল ফলাতে বঞ্চিত হলেন হাওরপাড়ের প্রায় তিন হাজারেরও বেশি কৃষক। হাওরের দুটি খালের মুখ বন্ধ হওয়ায় বিপাকে হাওর পাড়ের কৃষক। ফসল ফলাতে না পারায় হাহাকার তাদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা সমপ্রতি স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর কাছে লিখিত আবেদন করেও কোন ফল পাননি। ফলে ১৪ গ্রামের তিন হাজার কৃষক বঞ্চিত হলেন বোরো ফসল থেকে। জানা গেছে, গফাইখাল তৈয়ব খালের মুখ বন্ধ করে দেয়ায় বোরো ফসল করতে পারছে না কৃষকরা। খালের মুখ বন্ধ থাকায় সারা বছর কাদিপুর হাওরে পানি জমে থাকে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ ৬ বছর ধরে কোন ফসল ফলাতে পারছেন না। অথচ হাওর পারের বাসিন্দাদের ৯৯ জনই কৃষক। ফলে কৃষকের মধ্যে শুরু হয়েছে হাহাকার। কৃষকরা জানান, গফাইখালের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছেন সত্পুর খাসজান গ্রামের ছয়ফুল্লাহ ছেলে হারিছ আলী। অপরদিকে তৈয়ব খালের মুখ ভরাট হয়ে গেছে। ফলে হাওরের পানি বেরুতে কিংবা ঢুকতে পারছেনা। তারা অবিলম্বে দুটি খালের মুখ দেয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।