দুর্বৃত্তদের হামলায় বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। একই সময় জামায়াত নেতা খলিলুর রহমান আহত হন। বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী শহরের বড় মসজিদের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম লাহিড়ী ডিগ্রী কলেজের গণিতের প্রভাষক এবং খলিলুর রহমান বিশ্রামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক । প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় কয়েক যুবক রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে তাদের আহত করে। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত রফিকুল ইসলাম বলেন, হামলাকারীরা ছাত্রলীগ কর্মী।
