নীলফামারী জেলার সৈয়দপুরে ৩ হাজার গ্রাহককে ঠকিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইউনিভার ট্রাভেলস ডট কম লিমিটেড নামের একটি মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠানটি। ওই প্রতিষ্ঠানটির সৈয়দপুর কার্যালয়ে গত এক মাস ধরে তালা ঝুলছে। ফলে প্রতিদিনই কার্যালয়ের সামনে ধর্ণা দিচ্ছেন এর গ্রাহকরা। এ ঘটনায় নীলফামারী আদালতে একটি মামলাও হয়েছে।
সুত্র জানায়, গত ২০১১ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠানটি সৈয়দপুরে শাখা খোলে। এ উপলক্ষে স্থানীয় ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সুধীজনদের আকৃষ্ট করেন। ইউনিভার সৈয়দপুর শাখার কর্মকর্তা তারিক হোসেন জানান, ঢাকা থেকে এসে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের অনেক স্বপ্ন দেখান। সে সময় স্থানীয় গ্রাহকদের নিবন্ধন হিসাবে ৩ হাজার টাকা করে আদায় করা হয়। পরে তিন স্তরে নির্ধারিত পণ্য বিক্রয়ের জন্য প্রচুর টাকা উত্তোলন করা হয়। এভাবে মাঠ পর্যায়ে সৃষ্টি করা হয় ৩ হাজার গ্রাহক।
গ্রাহকরা অভিযোগ করে জানান, সৈয়দপুর প্লাজায় অত্যাধুনিক কার্যালয় দেখে কেউ ভাবতে পারেনি প্রতিষ্ঠানটি ভুয়া। ওই প্রতিষ্ঠানটি স্থানীয় গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়ে হাওয়া হয়েছে। গ্রাহকরা প্রতিদিন কার্যালয়ে এসে তালা দেখে বাড়ি ফিরে যাচ্ছেন। সৈয়দপুর কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, বার বার ঢাকায় গিয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের খোঁজার চেষ্টা করেও তাদের পাওয়া যাচ্ছে না।
