দৌলতপুর সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০২
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূ-খণ্ড থেকে আলাউদ্দিন কাঙ্গাল (৩২) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউপির চরপাড়া এলাকার মৃত ছাপাত মণ্ডলের ছেলে। বিজিবি ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাঙ্গালকে রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৫৭/১১ এস সীমান্ত পিলারের নিকটবর্তী চরপাড়া এলাকায় ক্ষেতে কাজ করার সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকার পাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল বাসার জানান, কৃষক আলাউদ্দিন কাঙ্গালকে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।