সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৪
মহেশপুর থেকে বিএসএফ ধরে নিয়ে গেছে এক বাংলাদেশিকে ভ্রাম্যমাণ প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে বিএসএফ জিয়াউর রহমান নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। সে শ্যামকুড় গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। বিজিবি’র শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার মোঃ সোলাইমান জানান, তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। রাজশাহীতে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ রাজশাহী অফিস \ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব, রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের অপারেশন দল বুধবার রাতে গোদাগাড়ী উপজেলার আলীপুর গ্রামে অভিযান চালিয়ে বিজয়নগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে রবিউল ইসলামকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বৃহস্পতিবার তাকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। মনোহরগঞ্জে শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার মনোহরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ১৪টি মাদ্রাসার প্রায় আড়াই’শ শিক্ষক ও বিভিন্ন মসজিদের দেড়’শ ইমাম উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। গোয়ালন্দে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নদীতে গোয়ালন্দ সংবাদদাতা \ মঙ্গলবার রাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা চালবাহী একটি ট্রাক নদীতে পড়ে ডুবে গেছে। স্থানীয় প্রশাসন বুধবার বিকেলে ট্রাক থেকে চাউল তোলার কাজ শুরু করলেও চালক ও সহকারীর সন্ধান পাননি। সিরাজদিখানে যুবকের আত্মহত্যা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার ভোরে সিরাজদিখান উপজেলার পশ্চিম শিয়ালদী গ্রামের আল আমিন (২৫) নামের এক যুবক বাড়ির পার্শ্বে লিচু গাছের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে দুই সন্তানের জনক। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। চাটখিলের মত্স্য বাজারে ভ্রাম্যমাণ আদালত চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ চাটখিলে ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে বুধবার বিকেলে চাটখিল পৌরসভার তিনটি মত্স্য আড়তে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ৩ কেজি চিংড়ি মাছ উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট কাজী মোঃ ছাহেল কুস্তীর নেতৃতে এ ভেজাল-বিরোধী অভিযান পরিচালিত হয়। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করার অভিযোগে গ্রেফতারকৃত বেলাল হোসেন(২০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এ আদালত। মেহেরপুরে মালা হত্যার সাথে জড়িতদের গ্রেফতার দাবি মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর শহরের মালা হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বুধবার বিকালে মেহেরপুর শহরের ক্যাশবপাড়া মহিলাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি হয়। পরে তারা মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। উল্লেখ্য, গত সোমবার মেহেরপুর শহরের মন্ডলপাড়ার আব্দুল মালেক তার স্ত্রী মালা খাতুনকে হত্যা করে নিজ ঘরে টাঙিয়ে রাখে। সারিয়াকান্দিতে পৌর বিএনপির মানবপ্রাচীর সারিয়াকান্দি(বগুড়া) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সারিয়াকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে মানব প্রাচীর কর্মসূচি পালন করা হয়। সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানব প্রাচীরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, বিএনপি নেতা লাল মাহমুদ লাল, যুবদল নেতা ইসতিয়াকুল ইসলাম শিমু প্রমুখ। নাচোলে যুবদল কোষাধ্যক্ষের গণসংযোগ নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ বুধবার দিনব্যাপী উপজেলার ৩নং নাচোল ইউপির বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গত ৯ম সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও যুবদলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম। গণসংযোগে তার সঙ্গে ছিলেন বিএনপির নাচোল উপজেলা সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, পৌর সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হুদা প্রমুখ। মাহবুবুল আলম সিডিএ সদস্য চট্টগ্রাম অফিস \ চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সদস্য মনোনীত হয়েছেন। সিডিএ অধ্যাদেশ বলে রাষ্ট্রপতির এক আদেশে তাকে বুধবার এ পদে মনোনীত করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম ২০০২ ও ২০০৫ সালে চট্টগ্রাম চেম্বার পরিচালক, ২০০৭-২০০৮ মেয়াদে সহ-সভাপতি এবং বর্তমানে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজশাহীতে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু রাজশাহী অফিস \ পবা উপজেলার হরিপুর বাজারে বুধবার দুপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নাসরিন খাতুন (১৭) হরিপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে এবং পবার সাফিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। ইবির ভর্তি পরীক্ষা শুরু ২৩ ফেব্রুয়ারি ইবি প্রতিনিধি \ ২৩ ফেব্রুয়ারি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুল হাকিম সরকার বিভিন্ন অনুষদীয় ডিন ও বিভাগের সভাপতি হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থাকা শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি সুনামগঞ্জ প্রতিনিধি \ গত ২২ জানুয়ারি আবদুল্লাহ আল নোমানকে আহবায়ক, নুরুল ইসলাম সাজু ও এমদাদুল হক শাহজাহানকে যুগ্ম-আহবায়ক করে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। কমিটিকে আগামী ৩০দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করতে বলা হয়েছে। সিলেট প্রেসক্লাবে প্রবাসীর মতবিনিময় সিলেট অফিস \ ডেভেলপমেন্ট কাউন্সিল ফর বাংলাদেশীজ ইন ইউ.কে’র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও আইনজীবী আলহাজ্ব মুহাম্মদ মনির হোসাইন বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-মানের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এ ব্যাপারে মিডিয়াসহ সমাজের সকলের সহযোগিতা কামনা করে বুধবার সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি আহমেদ নূর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী আব্দুল খালিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। দৌলতদিয়া যৌনপল্লী থেকে ছয় শিশু-কিশোরী উদ্ধার গোয়ালন্দ সংবাদদাতা \ গোয়ালন্দঘাট থানা পুলিশ মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাট ও যৌনপল্ল¬ী থেকে ছয় শিশু-কিশোরীকে উদ্ধার করেছে। পুলিশ তাদের দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অপরাধে সালমী বেগম (৩৫) নামের এক বাড়িওয়ালীকে গ্রেফতার করেছে। রামুতে ৩১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ রামু (কক্সবাজার) সংবাদদাতা \ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের আওতাধীন বনবিভাগের জায়গার উপর নির্মিত ৩১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল আলমের উপস্থিতিতে বিজিবি, পুলিশ ও বনবিভাগের এ যৌথ অভিযান পরিচালিত হয়। তালায় এ্যাডভোকেসী কমিটি গঠন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ হেকমত আলী গাজীকে সভাপতি এবং সরদার মজনুর রহমানকে সাধারণ সম্পাদক করে তালায় ডিআরআরএ-এর সাত সদস্যর এ্যাডভোকেসী কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল ডিআরআরএ-এর ডিআইডিপি প্রকল্পের এ্যাডভোকেসী কমিটির এক সভা তালা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা সদর ইউপি চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম। ধামইরহাটে আলু ফসলের মাঠ দিবস ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে চাষী পর্যায়ে ডলোচুন ব্যবহারে ফসল উত্পাদন বৃদ্ধি শীর্ষক আলু ফসলের প্রদর্শনী শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগের আয়োজনে গতকাল বৃহস্পতিবার জাহানপুর ইউনিয়নের মসলাপাড়া মোসলেম উদ্দিনের মাঠে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন এস, এম নুরুজ্জামান মণ্ডল উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নওগাঁ। লোহাগড়ায় চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়ার কালনা ফেরীঘাটে মা-বাবা ইট ভাটা মালিকের কাছে সন্ত্রাসীরা ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে জীবননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গফরগাঁওয়ে আওয়ামী লীগের মানববন্ধন গফরগাঁও সংবাদদাতা \ একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুইটি গ্রুপ পৃথক পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। গফরগাঁও প্রেসক্লাবের সামনে এমপি গ্রুপের নেতা-কর্মীরা এমপি ক্যাপ্টেন অবঃ গিয়াস উদ্দিন আহমেদের নেতৃত্বে এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের নেতা-কর্মীরা মধ্যবাজারে পৌর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।