পাবনার ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘেরাও, বিক্ষোভ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩০
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১নং ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনকে দুর্নীতিবাজ ও ক্ষমতালোভী আখ্যায়িত করে তাকে শীঘ্র অপসারণ ও নির্বাচনের দাবিতে ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া বাজার থেকে কয়েক হাজার লোক মিছিল নিয়ে শরত্নগর বাজারস্থ ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা ওই চেয়ারম্যানের নানা অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। সমাবেশকে কেন্দ্র করে ও পরিষদে হামলার আশংকায় সকাল থেকেই উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক, পার-ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম মধু প্রমুখ।