ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ওই দিন পর্যন্ত তার জামিনের মেয়াদও বাড়ানো হয়েছে। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিকে তদন্ত সংস্থা গতকাল হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণসহ পাঁচ ধরনের অভিযোগে মোবারক হোসেনের বিরুদ্ধে ২৯৪ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করেছে। তদন্ত সংস্থা জানায়, মোবারকের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ জুলাই থেকে ২২ জানুয়ারি পর্যন্ত তদন্ত কর্মকর্তা শ্যামল চৌধুরী তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মোবারকের বিরুদ্ধে আখাউড়া থানার টানমান্দাইল ও জাঙ্গাইল গ্রামে ৩৩ জনকে হত্যা, আনন্দময়ী কালীবাড়ী রাজাকার ক্যাম্পে আশু রঞ্জন দেবকে নির্যাতন, ছাতিয়ানা গ্রামের আবদুল খালেক হত্যা, শ্যামপুর গ্রামের দু’জনকে অপহরণ করে একজনকে হত্যা এবং খরমপুর গ্রামের একজনকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অপরাধ ১৯৭১ সালের আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়ে সংঘটিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোবারকের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ২১ জনকে সাক্ষী করা হয়েছে।
গতকাল প্রসিকিউটর সুলতান মাহমুদ ও সাহিদুর রহমান ট্রাইব্যুনালকে জানান, মোবারকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে এসেছে। এটি পর্যালোচনা করতে সময় প্রয়োজন। আদালত সময় মঞ্জুর করে ১২ ফেব্রুয়ারির মধ্যে অভিযোগ দাখিলের নির্দেশ দেন। এদিকে মোবারকের আইনজীবী এস এম শাহজাহান জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
এম কে আনোয়ারের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল
এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার এমপির মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে একজন আইনজীবীর মাধ্যমে তাকে এ ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল এ আদেশ দেন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় এমকে আনোয়ার বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। এ বক্তব্য বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর এই অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য গতকাল আবেদন জানান প্রসিকিউটর এডভোকেট রানা দাশগুপ্ত। তিনি বলেন, এমকে আনোয়ার ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং জনগণকে বিভ্রান্ত করতেই এ কথা বলেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, তিনি একজন সংসদ সদস্য এবং বিএনপির দায়িত্বশীল নেতা। তার কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি। ট্রাইব্যুনাল আশা করে দায়িত্বশীল ব্যক্তিরা কথা বলার সময় আরো দায়িত্বশীল হবেন। পরে ট্রাইব্যুনাল উপরোক্ত আদেশ দেয়।
সাঈদীর পক্ষে যুক্তিতর্ক
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবী মিজানুল ইসলাম ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক। ট্রাইব্যুনাল-১ এ তারা এ শুনানি করেন। পরে ট্রাইব্যুনাল রবিবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করে।
