জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আগামী নির্বাচনে অবশ্যই পরিবর্তন আসবে। সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তা না হলে দেশে সংঘাত সৃষ্টি হবে। তিনি বলেন, জাতীয় পার্টি (এ) মহাজোটগত নির্বাচন করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন জোটে নয় জাতীয় পার্টি সব সময় এককভাবে নির্বাচন করেই লাভবান হয়েছে। তাই আগামীতে এককভাবেই নির্বাচন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচনের বিকল্প নেই। তবে সেই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গতকাল বৃহস্পতিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে বাসাইল উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম খান মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা-কর্মীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাসাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড.এ.কে.এম. রফিকুল ইসলাম (আলো)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিকী প্রমুখ।
