ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার আঁখিকে এসিড নিক্ষেপকারী মনির উদ্দিনকে (২৭) গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটির বরকল উপজেলার কুরকুটিছড়ি এলাকা থেকে আনসার সদস্যরা তাকে আটক করে বরকল থানা পুলিশের হেফাজতে দেয়।
উল্লেখ্য, ইডেন কলেজের ছাত্রী আঁখি বিয়েতে রাজি না হওয়ায় গত ১৫ জানুয়ারি রাজধানীর চানখাঁরপুলের এক কাজি অফিসে মনির ও তার বন্ধু মাসুম আঁখিকে এসিড নিক্ষেপ ও ছুরিকাঘাত করে। পরে আঁখির ভাই বংশাল থানায় মনির ও মাসুমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গত বুধবার আসামি মনির ও মাসুমকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন হাইকোর্ট।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আনসার ব্যাটালিয়নের সদস্যরা গতকাল সকাল ১০টার দিকে তাকে আটক করে। এ ব্যাপারে ২৭ আনসার ব্যাটালিয়নের সদস্য মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা জানতে পারি অপরিচিত এক ব্যক্তি কুরকুটিছড়ির রঙ্গু মিয়া চৌধুরীর বাড়িতে অবস্থান করছেন। গতকাল সকালে নায়েক মুজিবুর রহমানের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গিয়ে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়’।
বরকল থানার ওসি আবদুল করিম বলেন, গোপনীয়তার কারণে আটক ব্যক্তির নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।
