শাহরিয়ার নাফীস যেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে ‘অযোগ্য’ বলেই প্রমাণ করতে যাচ্ছিলেন। প্রথম আসরে বরিশালের আইকন হয়েও বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। এবার খুলনা রয়েলসের হয়ে প্রথম তিন ম্যাচে নিজে রান করতে পারছিলেন না এবং দলও হারছিল। অবশেষে শাহরিয়ার নিজেকে ফিরে পেলেন এবং এবারের বিপিএলে প্রথম জয় পেল খুলনা। চলতি আসরের প্রথম সেঞ্চুরি করে দূরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনাকে এনে দিলেন ৬৮ রানের জয়।
টসে জিতে খুলনাকে ব্যাট করতে পাঠানোটাই রাজশাহীর জন্য আত্মঘাতি এক সিদ্ধান্ত হয়ে দাড়ায়। খুলনার দুই ওপেনার শাহরিয়ার ও লু ভিনসেন্ট আক্ষরিক অর্থেই শেষ করে দেন রাজশাহীর বোলিং। ২০ ওভারে একটিও উইকেট না হারিয়ে দু জনে ১৯৭ রানের বিশাল স্কোর গড়ে তোলেন। সামনে থেকেই নেতৃত্ব দেন শাহরিয়ার। ৬৯ বলে ১২টি চার ও ২টি ছক্কায় সাজানো অপরাজিত ১৯৬ রানের ইনিংস খেলার ভেতর দিয়ে শাহরিয়ার হয়ে ওঠেন এবারের লিগের প্রথম সেঞ্চুরিয়ান। সঙ্গে ৫১ বলে ৮৯ রান করে অপরাজিত রইলেন ভিনসেন্ট।
এই বিশাল স্কোর তাড়া করতে গিয়ে আসিফ আহমেদ রাতুল জয়ের পথে প্রথম ধাপ এগিয়ে দেন খুলনাকে। মাত্র ৫ রান করা তামিম ইকবালকে বোল্ড করে ফেরান রাতুল। এরপর ফরহাদ ৩ উইকেট নিয়ে ৯ বল বাকী থাকতেই রাজশাহীকে ১২৯ রানে অলআউট করে দেন।
